ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

খালি হাতে ফিরছেন বাংলাদেশ লিজেন্ডস

ads

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শেষে ভারত থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ লিজেন্ডস। সোমবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরে গেছেন মোহাম্মদ রফিকরা।


টস হেরে ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে ৯ উইকেটে ১৬০ রানে থামায় দক্ষিণ আফ্রিকা। এন্ড্রু পুটিক ও মর্নে ফন উইকের ১৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯.২ ওভারে জিতে যায় তারা। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর ৫ ম্যাচের সবগুলো হেরেছে বাংলাদেশ।


১৬১ রানের লক্ষ্য পূরণে পুটিক ৮২ রানে অপরাজিত ছিলেন ৫৪ বল খেলে, ৯ চার ও ১ ছয় মারেন তিনি। ৬২ বলে ৯ চারে ৬৯ রানে খেলছিলেন ফন উইক।


সোমবার রায়পুরে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আফতাব আহমেদের ছোটখাটো ব্যাটিং ঝড়ে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৬০ রান।


চতুর্থ ওভারে মেহরাব হোসেন (৯) জন্টি রোডসের থ্রোয়ে রান আউট হন। নাজিমউদ্দিনকে সঙ্গে নিয়ে আফতাব বড় জুটি গড়তে ব্যর্থ হন। টুর্নামেন্টের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান নাজিম ৩৩ বলে ৩২ রান করে বিদায় নেন।


আফতাব দারুণ সঙ্গ পান হান্নান সরকারের কাছ থেকে। তাদের ৬১ রানের জুটিতে দলীয় স্কোর একশ ছাড়ায় বাংলাদেশ। ২৪ বলে ১ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৩৯ রান করে আফতাব আউট হন। হান্নান ৩৬ রানে আউট হলে খালেদ মাসুদ পাইলটের ৯ বলে ১৯ রান কার্যকরী অবদান রাখে।


১৮তম ওভারে থান্ডি শাবালালা ও শেষ ওভারে মাখায়া এনটিনি জোড়া উইকেট নিয়ে বাংলাদেশের রানের লাগাম টেনে ধরেছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুজনই সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

ads
ads
ads

Our Facebook Page